
বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি পরিচালিত রাজধানীর আফতাবনগরে মাদরাসাতুল মানারের উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও এওয়ার্ড প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন ছেলে ও ২ জন মেয়ে রয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সালাহ উদ্দীন বিন নূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সম্মানিত সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার আবদুল হাকিম আজিজ। এ ছাড়াও দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, আলেম-উলামা, শিক্ষাবিদ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত ইসলামিক স্কলারগণ তাঁদের বক্তব্যে পবিত্র কুরআনের হিফজের মর্যাদা, কুরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণের গুরুত্ব এবং নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, হিফজ সম্পন্ন করা নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন ও সৌভাগ্যের বিষয়। তবে কুরআন মুখস্থ করার পাশাপাশি এর শিক্ষা, আদর্শ ও নির্দেশনা জীবনে বাস্তবায়ন করা এবং কুরআনের সঙ্গে আজীবন সম্পর্ক বজায় রাখা প্রত্যেক হাফেজের দায়িত্ব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কুরআন শিক্ষার প্রসার এবং যোগ্য, নৈতিক ও আদর্শ প্রজন্ম গঠনে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি ও অন্যান্য আলোচকও শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে কুরআনের আদর্শ ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে হিফজ সম্পন্নকারী ১৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা এওয়ার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, মাদরাসাতুল মানারে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে পৃথক শিক্ষার ব্যবস্থা। শিক্ষার্থীদের প্রয়োজন ও সুবিধা বিবেচনায় প্রতিষ্ঠানে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার—এই তিন ধরনের শিক্ষাসেবা চালু রয়েছে। পাঠদানের ক্ষেত্রে আরবি ও ইংরেজি ভার্সনে শিক্ষার ব্যবস্থা রয়েছে, যা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি ভাষাগত দক্ষতা ও আধুনিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখছে।
মাদরাসাতুল মানার কর্তৃপক্ষ জানায়, কুরআনের শিক্ষা বিস্তার, মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিতকরণ এবং কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও অর্জনের স্বীকৃতি প্রদান এবং তাদের কুরআনের সঙ্গে আজীবন সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।