
তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান শহরে মসজিদে নামাজ পড়াতে প্রতিদিন প্রায় পাঁচ হাজার সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় ওঠেন ইমাম সিবগাতুল্লাহ বিলমেজ। এই কষ্টকর যাত্রাকেও তিনি দেখেন আনন্দ ও সৌভাগ্যের কাজ হিসেবে।
সম্প্রতি তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ মাস ধরে ভান দুর্গের চূড়ায় অবস্থিত সুলেইমান খান মসজিদে ভারপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন বিলমেজ। দুপুরের নামাজের আগে মসজিদে পৌঁছান তিনি। এশার নামাজের পর পাহাড় থেকে নেমে আসেন বিলমেজ।
নামাজের ইমামতির পাশাপাশি মসজিদে আসা দেশি-বিদেশি পর্যটকদের এর ইতিহাস ও ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য জানান তিনি। দর্শনার্থীদের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলামের নানা বিষয় নিয়েও আলোচনা করেন। এতে তাঁর ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতাও বেড়েছে।
মসজিদটির নির্মাণকাল সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ১৫৩৪ সালে উসমানীয় সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট এটি সংস্কার করেন। তিন বছর আগে সংস্কার শেষে মসজিদটি আবারও নামাজের জন্য খুলে দেয়া হয়।
প্রতিদিনের এই পরিশ্রম সম্পর্কে বিলমেজ বলেন, ‘ক্লান্তিকর হলেও মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, নিজের ইচ্ছায় এ দায়িত্ব পালন করছি বলে আমি আনন্দিত।’