
মোঃ সাজিদ হুসাইন, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে পুলিশের এক বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব মল্লিক (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।
রবিবার ১১ই জানুয়ারি সকালে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রঘুনাথপুর এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে সাকিব মল্লিককে হাতে-নাতে আটক করা হয় এবং তার কাছ থেকে উল্লিখিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটক সাকিব মল্লিক রঘুনাথপুর গ্রামের আসলাম মল্লিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং এলাকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত।