সোহেল খান দূর্জয় নেত্রকোনা : মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে। রবিবার (৯ মার্চ) নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
নেত্রকোনায় রবিবার সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এসময় উক্ত সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতি সংঘের মৃণাল চক্রবর্তী, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানসহ অন্যরা।
নেত্রকোনা জেলা উদীচির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাগুরায় ধর্ষকের হাত থেকে একটি শিশু রক্ষা পায়নি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়াসহ ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরো কঠিন আন্দোলনের পথে হাঁটবো।এসময় নানান কর্মসূচিতে সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উক্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন।