চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় ডাকাত ধরতে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বারিক বিল্ডিং মোড়ে পরিত্যক্ত একটি জায়গায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতি করা অর্থ ভাগাভাগি করছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদী নামে দুইজনকে আটক করা হয়। তবে বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের উপর হামলা করে পালিয়ে যায় ৪ জন।
এ সময় সাব-ইন্সপেক্টর জামিল ও সাব-ইন্সপেক্টর নজরুল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে নগর পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া সাংবাদিকদের বলেন, ‘মনির, মেহেদী, তারেক, জুয়েল, রাজু, ভান্ডারি এবং রবি এখানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডবলমুরিং থানার টিম খবর পেয়ে সেখানে গিয়ে দুইজনকে আটক করে। বাকি সদস্যরা আমাদের দুজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।