1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সামনের দিনে শেখ হাসিনার আরও খারাপ অবস্থা হবে- লুৎফুজ্জামান বাবর

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৪ বার পঠিত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, শেখ মুজিবুর রহমান যেমন গুম, খুন ও নির্যাতন চালিয়েছিল। ঠিক একই পথ অনুসরণ করেছিল তার মেয়ে শেখ হাসিনা। ফলে শেখ মুজিবের পতন যেভাবে হয়েছিল, ঠিক একইভাবে পতন হয়েছে হাসিনার। সামনের দিনে হাসিনার আরও খারাপ অবস্থা দেখতে পাবে জনগণ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী শহরের কলেজ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি এ গণসংবর্ধনার আয়োজন করে। কারামুক্তির পর সাড়ে ১৭ বছর পর এলাকায় আসলেন বাবর। লুৎফুজ্জামান বাবর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত সাড়ে ১৫ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করেছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। সীমাহীন নির্যাতন করেছে। কিন্ত শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার বিপ্লবে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে ফাঁসির দণ্ড, যাবজ্জীবন দণ্ড, ১০ বছর ১৭ বছর ২০ বছরের দণ্ডসহ এত দণ্ড দিয়েছিল যে দণ্ডের কোনো শেষ নাই। আমি আল্লাহর রহমতে এসব মিথ্যা সাজা পেরিয়ে আসতে পারব বিশ্বাস ছিল। কিন্তু এভাবে আসব ভাবিনি। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জানাই।
বাবর বলেন, ছাত্র-জনতার বিপ্লবে অনেক শহীদ হয়েছেন। অনেকেই আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।বিএনপির এই নেতা বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। নির্যাতনের কারণে মৃত্যু হয়েছিল আরাফাত রহমান কোকোর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেল দিয়েছিল। চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দিয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের ফসল হলো বর্তমান অন্তবর্তী সরকার। এই সরকারকে আমাদের সহযোগিতা করে যেতে হবে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় দরকার হলে আমাদের আবারও রাজপথে নামতে হবে। এজন্য সবাইকে তৈরি থাকতে হবে। তাই অন্তবর্তী সরকারকে বলবো দ্রুত নির্বাচন দেন। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সঠিক পথে পরিচালিত হবে। তিনি আরও বলেন, ক্ষমতা পেলে এলাকার সকল সমস্যা সমাধান করব। বিশেষ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারাই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি।
খালিয়াজুরী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেস্ট এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির নেতা এসএম শফিউল আলম সুজা প্রমুখ। এ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবরের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। হাওরবেষ্টিত নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন। পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে গ্রেফতারের পর নানা মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দু’টি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সাম্প্রতিক রায়ের ফলে ধাপে ধাপে তিনি মুক্তি পান এবং সবশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান। পরে গত ১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পান তিনি। তারপর চিকিৎসা ও ওমরা পালন শেষে গত রোববার তিনি নেত্রকোনায় ফেরেন। এদিন জেলা শহরের মোক্তারপাড়া মাঠে গণসংবর্ধনা দেয় জেলা বিএনপি। সোমবার খালিয়াজুরীতে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার মোহনগঞ্জে তাকে গণসংবর্ধনা দেবে উপজেলা বিএনপি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK