
নেত্রকোনার বারহাট্টায় বড় ভাইয়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পান বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আননান। পরে নিজের বাড়িতে গিয়ে বড় ভাইকে শেষ দেখা দেখেছেন তিনি। জানা যায় শুক্রবার (৩১) দুপুরে নেত্রকোনা কারাগার থেকে পুলিশ আননানকে মৌয়াটি গ্রামে নিয়ে যায়। এর আগে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় শ্বাসকষ্টজনিত কারণে আননানের বড় ভাই আ. হান্নান মারা যান।
আননানের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম হিমেল প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও নিজের ভাইকে শেষ দেখা দেখতে পেরেছেন তিনি। এসময় নিজের পিতাকে দেখে আননানের ছেলে-মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। আননানের স্ত্রী বলেন, আজ বিকেল ৪টা পর্যন্ত তার মুক্তির সময় থাকলেও সন্তানদের কান্নাকাটি দেখে নিজেকে সামলাতে না পেরে আগেই চলে যান।
গত ৪ আগস্ট বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়। সরকার পতনের পর গত ১৯ আগস্ট উপজেলা বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা করেন। এরপর গত বছরের ২৫ অক্টোবর ওই মামলায় গ্রেপ্তার হন এই নেতা। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।