
নেত্রকোণার-আটপাড়া রোডে মোটরসাইকেল, লেগুনা ও লড়ির ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে আটপাড়া রোডের পঞ্চাননপুর এলাকার কাসেম মেম্বারের বাড়ির পাশে মসজিদের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন হলেন নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২৮) ও অন্যজন হলেন একই গ্রামের বাসিন্দা রতন ফকিরের ছেলে মো. শাহপরান।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল। তিনি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং জানতে পারি জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। এবং গুরুতর আহত অবস্থায় শাহ পরানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তিনি মারা যান। তিনি আরো জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হামিদুর রহমান জানান, জাকিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং শাহ পরানের অবস্থা সংকটাপন্ন দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়। আরো জানা যায়, এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ সূত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে,সড়ক দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।