চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে মেরে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা।মুহুর্তেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসে ওসি নেজাম উদ্দীন। এসময় বিক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। সিএমপিতে বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান দৈনিক অনন্ত বাংলাকে বলেন, নেজাম উদ্দীনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, মোহাম্মদ নেজাম উদ্দীন আটক হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় করতে শুরু করে।থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করছে।
নেজাম উদ্দিন সবশেষ সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে নগরীর কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীণ বিএনপি নেতা আক্ষেপ করে বলেন যে নতুন স্বাধীন দেশে কিছু অতি অবেগী নেতা কর্মী আছে যারা এ ধরনের কর্মকাণ্ড করে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করে তুলছে, যাহা খুবই দু:খজনক। বাহিনীতে কর্মরত একজন কর্মকর্তাকে এভাবে মারা বা হেনস্তা করা উচিত হয়নি। যেখানে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। সেখানে তার গায়ে হাত তোলা/হেনেস্তা করা উচিত হয়নি।