
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে দুই ভাইয়ের ১০ টি গরু পুড়ে দগ্ধ হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ৪ ডিসেম্বর শনিবার রাত ৩.৩০ ঘটিকায় উপজেলা সদর ইউনিয়নের বড়ী গ্রামে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দুই কৃষক বড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহেল মিয়া ও শাহীন মিয়া। তারা দুই ভাই এক গোয়ালে মিলেমিশে গরু গুলো লালন পালন করে আসছিলো। হঠাৎ আগুন লেগে তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়ায় বাড়িতে কান্নার রুল পড়ে গেছে। আগুনের খবর দেরিতে শুনায় এলাকার মানুষ শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
বড়ী গ্রামের এস এম সায়েম কাদের পরাগ বলেন, আমরা আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এরপরও আমরা সবাই চেষ্টা করে ফজরের আযানের সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। গোয়ালে ১০ টি গরু ছিলো ৪ টি গরু রাতেই মারা গেছে। বাকী গরু গুলোর অবস্থাও ভাল না।
বারহাট্টা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপ সহকারী ডাঃ মোশারফ হোসেন বলেন,জীবিত ৬ টি গরুর মধ্যে ৫ টি গরু আশংকা জনক অবস্থায় রয়েছে। এরপরও আমরা চিকিৎসার কোন ঘাটতি রাখবো না।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন,আগুন লাগার ঘটনাটি মাত্র শুনলাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘটনাস্থলে যাবো। শুনেছি ১০ টি গরু পুড়ে গেছে। বিষয়টি দেখে সহযোগিতার ব্যবস্থা করা হবে।