
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বদলকোট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বদলকোট এলাকায় অভিযান চালানো হলে মাটি দস্যুরা তাদের ব্যবহৃত এক্সেভেটর (ভেকু) ফেলে রেখে পালিয়ে যায়। এসময় চাটখিল-বদলকোট সড়কে একটি মাটিবাহী ট্রাককে থামার সংকেত দিলে চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইউএনও মিজানুর রহমান নিজেই গাড়ি নিয়ে ধাওয়া করে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করার পর ট্রাকটি আটক করতে সক্ষম হন। তবে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দকৃত ট্রাকটি স্থানীয় খোরশেদ নামক এক ব্যক্তির। সে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী মাটি দস্যু হিসেবে পরিচিত এবং রাতের অন্ধকারে ফসলি জমি বিনষ্ট করে মাটি বিক্রি করে আসছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় জব্দকৃত ট্রাক ও এক্সেভেটর বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।