সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ১টি ব্যাটারি চালিত ভ্যান এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৭টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে অভিযান চালানো হয়। সেখানে জনৈক মুক্তার বিশ্বাসের বাড়ির সামনের পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বেনীচক চৌডালা গ্রামের মৃত রবুর ছেলে টুটুল (২৬) এবং একই গ্রামের মৃত মনুরুদ্দিনের মেয়ে মোছাঃ ছবি বেগম (৪২)।
বিজিবি জানায়, জব্দকৃত ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ব্যাটারি চালিত ভ্যান ও মোবাইল ফোনসহ মোট মালামালের আনুমানিক সিজার মূল্য ৮১,০০০ (একাশি হাজার) টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সকল প্রকার মাদক ব্যবসা ও সীমান্ত চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।”