
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পবিত্র রমজান মাসে মেলা আয়োজন এড়াতে প্রকাশকদের প্রস্তাবের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করেছে বাংলা একাডেমি।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, ১৩ অক্টোবর ২০২৬ তারিখে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।
সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে মেলার তারিখ নির্ধারণ করা হয়। পরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রস্তাব গ্রহণ করে বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করে।
প্রকাশকদের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের বইমেলার অভিজ্ঞতা থেকেই সময় পরিবর্তনের দাবি জোরালো হয়। গত বছর ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলা মেলায় বিক্রি আশানুরূপ হয়নি। রমজান মাসে মেলা আয়োজনের কারণে পাঠকসমাগম ও বেচাকেনায় প্রভাব পড়েছিল বলে দাবি করেন তাঁরা।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, সমিতির সদস্যরা সম্মিলিতভাবে জানুয়ারিতে মেলা আয়োজনের প্রস্তাব দেন। পরে বাংলা একাডেমি সেই প্রস্তাব গ্রহণ করে।
প্রকাশকদের প্রত্যাশা, নতুন সময়সূচিতে পাঠকসমাগম ও বই বিক্রি বাড়বে। তবে ফেব্রুয়ারিকেন্দ্রিক দীর্ঘদিনের ঐতিহ্যের বাইরে জানুয়ারিতে বইমেলার এ আয়োজন পাঠক ও প্রকাশকদের মধ্যে কতটা সাড়া ফেলে, তা নির্ধারিত হবে মেলা শুরু হওয়ার পরই।