
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন নেতাকর্মীরা।
আহসান হাবিব রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে মতবিনিময় সভা, নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট বাজারের একটি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বাজারের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। কর্মসূচির শেষ পর্যায়ে নেতারা ৪ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গিয়ে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
ঢোলারহাট কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মাইকেল চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায়,বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. ইহসানুল ইসলাম ইহসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের চাচাতো ভাই মির্জা আবু তাহের।
বক্তব্যে ডা. ইহসান বলেন, “আমরা সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি, ব্যবসার কাজ বাদ দিয়ে কষ্ট করে আপনারা যে সময় দিচ্ছেন, তার বিনিময়ে আমাদের পক্ষ থেকে বিএনপিকে অতিরিক্ত ১০% এবং সামগ্রিকভাবে ২০% ‘বোনাস ভোট’ দেয়ার চেষ্টা করব। ঠাকুরগাঁওয়ের সাড়ে ৫ লক্ষের বেশি ভোটারের মধ্যে আমাদের মাধ্যমে যদি ৫০ হাজার অতিরিক্ত ভোট উপহার দেয়া যায়, তবে বিজয়ের পাল্লা বহুগুণ ভারী হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার,বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সিনিয়র সহসভাপতি হাকিম মোহাম্মদ আনসারুল হক, ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সদস্য আহসান হাবীব ও সাবেক ছাত্রনেতা হারুন রশীদসহ স্থানীয় ওষুধ ব্যবসায়ী এবং সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতাকর্মীরা ঢোলারহাট বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তাঁরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দিয়ে নির্বাচনী প্রচারণা চালান।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।