আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুরজ্জামান বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুরের গেদুরা ইউনিয়নে চার বিঘা জমি নিয়ে ১৫ বছর ধরে আটঘরিয়া গ্রামের মাহাতাব গংয়ের সঙ্গে বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন। শুক্রবার আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা, সংর্ঘষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উভয় পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিকেলে হরিপুর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
আহতদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।