
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ঝিলিম ইউনিয়নের আমনুরায় দুর্বৃত্তের হামলায় ১৩টি বেদে পরিবার এলাকা ছেড়েছে। মঙ্গলবার সকালে আতঙ্কিত হয়ে বেদে পরিবারগুলো তাদের বাড়ি ফিরে যান। ভুক্তভোগীদের দাবিÑ সোমবার দিবাগত রাতে পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। এছাড়া সেখানের একটি ঘর থেকে প্রায় ৩ লাখ টাকার কৃষি উপকরণ লুট করেছে তারা। ঘটনাটিতে পুলিশ কোন বক্তব্য দেয়নি।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে- আমনুরা এলাকার একটি পুকুর পাড়ে জীবিকার তাগিদে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থেকে ১৩ বেদে পরিবার এসে অবস্থান নিয়ে ছিলেন। আকস্মিকভাবে সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বেদে পরিবারের ঘরগুলোয় হামলা করেন। মঙ্গলবার সকালের মধ্যে তাদের এলাকা ছাড়তে বলা হয়। তা না হলে ওই পরিবারগুলোর শিশুদের গুম করারও হুমকি দেন। ফলে তারা আতঙ্কিত হয়ে এলাকা ছাড়েন।
বেদে পরিবারগুলোর প্রধান মো. মিন্টু রহমান বলেন, রাতের বেলায় সবাই ঘুমাচ্ছিল। তখনই প্রায় ১৫-২০জন ছেলে-মেয়ে আমাদের ওপর হামলা করে এলাকা ছাড়তে বলেন। তাদের মধ্যে সংখ্যায় মেয়েরা বেশি ছিল এবং মেয়েদের হাতে শাখা ও মাথায় সিঁদুর ছিল। এলাকা না ছাড়লে আমাদের ছেলে-মেয়েদের গুম করার কথা বলেন। তখন পুলিশ অটো নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল তিনি বলেন, আমরা জানের ভয়ে এলাকা ছেড়ে নিজের বাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা এসবের বিচার চাই।
লুট হওয়া কৃষি উপকরণগুলোর মালিক মো. আব্দুল খালেক বলেন, ৫ বছরের জন্য লিজ নিয়ে পুকুরে মাছ ছেড়েছিলাম। কিন্তু স্থানীয় কিছু বাসিন্দা আমাদের মাছগুলো ধরতে দিচ্ছে না। শুধু তাই নয় পুকুরের পাড়ে মাছের জন্য খাবার-দাবার রেখেছিলাম। সেগুলোও তারা লুট করে নিয়ে গেছে। লুট হওয়া ওইসব মালামালের আনুমানিকমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পুলিশের উপস্থিতি নিয়ে বেদে পরিবারগুলোর ঘরে হামলা ও মাছের খাবারগুলো লুটের বিষয়ে জানতে চাইলে আমনুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহিনুর রহমান কোন বক্তব্য দেননি। একই বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ওসি মো. রইস উদ্দিনও মুখ খুলেননি।