
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার:
অহিদুজ্জামান রিপন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সন্ত্রাস, মাদক ও চোরাচালানমুক্ত করতে জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের ‘জিরো টলারেন্স’ ঘোষণার ধারাবাহিকতায় গোমস্তাপুরে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫:০৫ ঘটিকায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আলমগীর কবিরের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুর গ্রামে জনৈক মোঃ নাজমুল হকের মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে মোঃ সাজেমান আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে ১০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সাজেমান আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা দিয়াড়পাড়া এলাকার মৃত আঃ গফুর ও মোসাঃ বেগমের ছেলে।
গোমস্তাপুর থানা পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “সন্ত্রাস, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”