
কল্পলোকে ছিনতাইকারীদের ধাওয়া, বিচক্ষণতায় রক্ষা পেলেন পর্বতারোহী বাবর আলীঃ
জাফর সাদেক।
চট্টগ্রাম প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
১৩ অক্টোবর ২০২৬।
চট্টগ্রাম নগরের কল্পলোক এলাকায় সাইকেল নিয়ে শরীরচর্চা করতে গিয়ে ছিনতাইয়ের চেষ্টার মুখে পড়েছেন এভারেস্ট-লোৎসে জয়ী পর্বতারোহী ডা. বাবর আলী। তবে তাৎক্ষণিক বিচক্ষণতা ও কৌশলে সঙ্গে থাকা বন্ধু ইরফানকে নিয়ে সম্ভাব্য ছিনতাইয়ের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর তীরবর্তী মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবর আলী জানান, সকালে কল্পলোক আবাসিক এলাকা হয়ে মেরিন ড্রাইভ সড়কে যান তিনি ও তাঁর বন্ধু ইরফান। শরীরচর্চার আগে ওয়ার্ম-আপের জন্য তাঁরা নদীর পাড়ে নামেন। এ সময় তিন তরুণের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁরা দ্রুত সড়কে উঠে আসেন।
পরে ওই তিনজনের সঙ্গে আরও দুজনকে দেখতে পান তাঁরা। একপর্যায়ে কল্পলোক আবাসিক এলাকার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলে পাঁচজনের ওই দল তাঁদের পিছু নেয়। পেছনে তাকিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত এগিয়ে আসতে দেখে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন বাবর আলী ও তাঁর বন্ধু। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তিরা দৌড়াতে শুরু করেন।
এমন পরিস্থিতিতে ইরফান নিজের মুঠোফোন ও হ্যান্ডহেল্ড ক্যামেরা বাবর আলীর হাতে দিয়ে তাঁকে সাইকেল চালিয়ে সামনে চলে যেতে বলেন। বাবর আলী সামনে এগিয়ে যাওয়ার পর ইরফানও দৌড়ে তাঁর কাছে পৌঁছান। মুঠোফোন ও ক্যামেরা হস্তান্তরের বিষয়টি দেখে ধাওয়াকারীরা আর তাঁদের পিছু নেয়নি বলে জানান বাবর আলী।
বাবর আলীর ধারণা, তাঁরা একা থাকলে এ ঘটনায় সাইকেল ও মুঠোফোন খোয়ানোর আশঙ্কা ছিল।
এ ঘটনার পর মেরিন ড্রাইভ সড়কে প্রাতর্ভ্রমণ ও শরীরচর্চা করতে যাওয়া ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই পর্বতারোহী। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে একা না গিয়ে দলবদ্ধভাবে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ডা. বাবর আলী বাংলাদেশের একজন পরিচিত পর্বতারোহী। এভারেস্ট ও লোৎসে জয় করে তিনি দেশের পর্বতারোহণের ইতিহাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।