প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৫ মে) রাতের এ অভিযানের বিষয়ে মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল আদাছগী এলাকায় অভিযান চালায়। অভিযানে কাঠের নৌকাসহ গ্রেপ্তার করা হয় করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০)-কে। তারা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২টি একনলা বন্দুক, ১টি শটগান, ১টি খেলনা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা গুলি, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার প্যানেল, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকিটকি চার্জার এবং ২টি কাঠের নৌকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নিত এবং দলটিকে অস্ত্র ও রসদ সরবরাহ করত।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এতে করে জেলে ও মাছ শিকারিরা নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারছেন।”
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.