লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে মিয়ারবেড়ী নামে নতুন ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন তারা।
বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 'মিয়ারবেড়ী এলাকার সর্বস্তরের নাগরিক জনতা' ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।
আন্দোলনকারীরা জানান, ভবানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ অংশে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বসবাস করেন। দীর্ঘদিন ধরে তারা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। অথচ ইউনিয়নের উত্তর অংশে এসব সুবিধা অনেকাংশে বিদ্যমান। এ বৈষম্য দূর করতেই নতুন ইউনিয়ন গঠনের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, বিএনপি নেতা মো. শফিক, জামায়াত নেতা রফিকুল্লাহ রকি, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা কারী আবুল কাশেম নিজামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ইমন, এবং ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
বক্তারা বলেন, “এই অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে অবহেলিত। স্কুল-কলেজ, হাসপাতাল, রাস্তাঘাটসহ মৌলিক সুযোগ-সুবিধা নেই বললেই চলে। নতুন ইউনিয়ন গঠিত হলে প্রশাসনিক সেবা সহজলভ্য হবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।”
ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। এখন আর অপেক্ষা নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাব।”
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.