নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছে।
এ সময় তিনটি বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট এবং অন্তত ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
গত সোমবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বেঁড়ি ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইজ উদ্দিন দেওয়ান (৪০) রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
তিনি তিন মাস আগে স্পেন থেকে দেশে আসেন। তাঁর মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সদস্যসচিব জি এম শামীম এবং উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে তিন মাস আগে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এতে ওই উপজেলার ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়।
আধিপত্য বিস্তার নিয়ে জি এম শামীম ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাঁ পায়ে জখমের চিহ্ন রয়েছে।
রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘তিন মাস আগে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় আমরা ওই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যক্রম স্থগিত করেছি। এখন আবার সংঘর্ষে এক বিএনপিকর্মী মারা গেছেন।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বলেন, ‘সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.