প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক পেলেন নেত্রকোনার কায়েশ

মানবিক কাজ ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক’ পেয়েছেন নেত্রকোনার যুবক কায়েশ। গত ১২ ফেব্রুয়ারি গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশে তাকে এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ১৫৬ জন আনসার ও ভিডিপি সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করেন।
পরদিন ১৩ ফেব্রুয়ারি আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের পোশাকের ওপর পদক পরিয়ে দেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. কায়েশ আহমেদ নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা। কায়েশ আহমেদ বহু বছর ধরে সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা’, যার মাধ্যমে তিনি অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে এই সংস্থাটি খাদ্য সহায়তা ও ত্রাণ বিতরণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন পুনর্বাসন ও সহায়তা কার্যক্রম এবং অসহায় রোগীদের জন্য চিকিৎসা সহায়তা ও রক্তদান কর্মসূচি পরিচালনা করেছে।
এছাড়াও, তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ করেছেন। মো. কায়েশ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এই পদক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমি আগামীতেও দেশের মানুষের জন্য কাজ চালিয়ে যাব। সমাজসেবা ও জননিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখাই আমার লক্ষ্য। কায়েশকে পদক পরিয়ে দিচ্ছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.