প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙ্গার সময় ৩ শ্রমিক নিহত, আহত ২

নেত্রকোনা জেলা সদরের নাগড়া এলাকার বিএডিসি (সেচ) অফিসের একটি পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকরা হলেন, জেলার আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামের দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নছু সর্দার জানান, তারা নয়জন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল মোবারককে পাঁচ লাখ টাকায় ভবনটি ভেঙে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বিকেল পৌনে ৫টার দিকে ভাঙাভাঙির সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে।
এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন। নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, ‘আমরা তিনজনকে মৃত এবং দুই জনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা অনেকে বলেছেন, ভবন ভাঙায় নিয়োজিত শ্রমিকদেও কারও কোনো সুরক্ষা সামগ্রী ছিল না।
নেত্রকোনার অতিরিক্তি জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন বলেন, ঘটনার তদন্তের একটি কমিটি গঠন করা হবে। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.