জাতীয় নারীশক্তির নেতৃত্বে হঠাৎ বড় রদবদল, কেন আহ্বায়ক পদ হারালেন মনিরা?
জাফর সাদেক,
চট্টগ্রাম প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু। সদস্যসচিব করা হয়েছে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মনজিলা ঝুমা।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব থেকে বাদ পড়েছেন সাবেক আহ্বায়ক মনিরা শারমিন। তবে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে বহাল রয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নারীশক্তির তিন সদস্যের নতুন আংশিক কমিটি প্রকাশ করা হয়।
এর আগে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ ঘটে। সে সময় সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা আলম মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছিল। পরে ১৮ এপ্রিল সংগঠনটির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। এবার সেই কমিটি বাতিল করে নতুন নেতৃত্ব ঘোষণা করা হলো।
এনসিপির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদ সদস্য মাহমুদা ও নুসরাতের নেতৃত্বে নতুন কমিটি
নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব—দুই গুরুত্বপূর্ণ পদেই দায়িত্ব পেয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম। আগের কমিটিতে মাহমুদা ছিলেন সদস্যসচিব এবং নুসরাত ছিলেন মুখ্য সংগঠক।
অন্যদিকে, মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া মনজিলা ঝুমা এনসিপির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। মাহমুদা, নুসরাত ও মনিরা—তিনজনই এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরেও ছিল পরিবর্তন
গত এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতুর নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছিল এনসিপি। তবে নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে মনিরার মনোনয়নপত্র বাতিল হয়।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নুসরাত তাবাসসুমও। নির্ধারিত সময়ের পরে জমা দিতে যাওয়ায় প্রথমে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে। শেষ পর্যন্ত তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
‘এটি দলের সিদ্ধান্ত’: মনিরা শারমিন
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, জাতীয় নারীশক্তির দায়িত্ব ছাড়ার বিষয়ে মনিরা শারমিন সম্প্রতি এনসিপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন। সূত্রের দাবি, মনিরার সঙ্গে মাহমুদা ও নুসরাতের সমন্বয়ের ঘাটতি ছিল। এর ফলে সংগঠনের কার্যক্রমে একধরনের স্থবিরতা তৈরি হয়।
তবে এ বিষয়ে মনিরা শারমিনের বক্তব্য, এটি দলের সিদ্ধান্ত। নতুন দায়িত্ব পাওয়া দুই নারী সংসদ সদস্যের প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে প্রথম আলোকে মনিরা বলেন, ‘এটি দলের সিদ্ধান্ত। দলের পক্ষ থেকে আমাকে হয়তো অন্য কোনো দায়িত্বের জন্য বিবেচনা করা হচ্ছে। আমাদের দুজন নারী সংসদ সদস্য নারীশক্তির শীর্ষ নেতৃত্বে এসেছেন। তাঁদের প্রতি আমার শুভকামনা থাকবে।’
জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সংগঠনের কার্যক্রমে নতুন নেতৃত্বের ভূমিকা কেমন হয়, তা দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.