প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
জমি বিরোধে এসিডে কৃষকের শরীর ঝলসে দিল প্রতিপক্ষ, আটক ১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামের এক কৃষকের শরীর। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শরিফ মিয়া (৩৬)। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করার পরপরই তাকে আটক করা হয়। এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নাওদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার দক্ষিণ নাওদ্বারা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী আঃ হান্নান ও মিজান মিয়ার। এ ঘটনায় গত (১১ জানুয়ারি) শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন খলিলুর। সেই জেরকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা। এরই মধ্যে (১৫ জানুয়ারি) মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে খলিলুর প্রসাব করতে বের হলে শরীরে এসিড নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন। এ সময় এসিডে তার শরীরের পেছনের অংশ পুড়ে ঝলসে যায়। পরে তার চিৎকারে এসিড নিক্ষেপকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোক তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ি। বাবা রাতে প্রসাব করার জন্য রুম থেকে দরজা খুলে বের হলে দরজা খোলার শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। এর পাঁচ মিনিট পরেই বাবার চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আঃ হান্নান ও শরীফ পালিয়ে যাচ্ছে। পরে বাবাকে হাসপাতালে ভর্তি করি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম রায়হান জানান, শরীরের ১০% ভাগ এসিডে ঝলসে গেছে। হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল আছে। এ ব্যাপারে আজ শুক্রবার দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার মামলা করার পরে অভিযুক্ত একজন আসামীকে গ্রেপ্তার করি। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে । গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোর্পদ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.