সরকারিভাবে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণের তালিকায় স্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নাম থাকায় এলাকায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৪৪ জনের তালিকায় কয়েকজন স্বচ্ছল মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ রয়েছে। গত রোববার উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে গৃহ নির্মাণের জমা হওয়া দরপত্রে এই তথ্য জানা গেছে। এই ব্যাপারে গত সোমবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট বাইশসিন্দুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মামুন অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরীর ছেলেরা ঢাকা মিরপুরে ব্যবসা-বাণিজ্য করে এবং এক ছেলে স্ব-পরিবারে কানাডায় থাকে। বর্তমানে তারা শত কোটি টাকার মালিক। এর আগে তাদের বাবার নাম গৃহনির্মাণ তালিকায় রাখা হলে সাবেক ইউএনও দিদারুল আলম তদন্ত করে তাদের বাবার নাম তালিকা থেকে বাদ দেন। এখন পুনরায় মৃত আবদুল কাদের এর নাম থাকায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারদের ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া এই ৪৪ জনের তালিকায় আরো অনেক স্বচ্ছল মুক্তিযোদ্ধার নাম রয়েছে বলে অভিযোগ রয়েছে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারদের।
চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ছিদ্দিক উল্যার নাম অগ্রাধিকার ভিত্তিতে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় থাকলেও এ তালিকায় তার নাম নেই। এই তালিকায় থাকা স্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের নাম বাদ দিয়ে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্তের দাবী জানিয়েছেন অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা। বরাদ্দ পাওয়া মুক্তিযোদ্ধাদের তালিকার কপি উপজেলা প্রকল্প কর্মকর্তা সুব্রত চন্দ্রের কাছে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখানে আসার অনেক আগেই এ তালিকা চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে আমার করার কিছুই নেই। তবে অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করব।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.