
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাশিপুর থেকে বশিকপুর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয়দের জন্য।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সড়কটির দ্রুত সংস্কার ও পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারছে না। বিশেষ করে বর্ষার সময় রাস্তায় হাঁটাও কঠিন হয়ে পড়ে। গর্ভবতী নারীরা সময়মতো স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারছেন না, জরুরি সময়েও ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীদের প্রতিদিনই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “এই রাস্তায় চলতে গেলেই জীবন হাতে নিয়ে চলতে হয়। স্কুলপড়ুয়া শিশুদের কোমরে পানি আর কাঁদা লেগে থাকে। অনেক সময় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে হলে খোঁড়াখুঁড়ি রাস্তায় ঝুঁকি বেড়ে যায়। এটা কি উন্নয়নের বাংলাদেশ?”
তারা আরও অভিযোগ করেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও এই সড়কের কোনো সংস্কার হয়নি। অথচ এটি স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট।”
মানববন্ধনে অংশ নেন বশিকপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বশিকপুর ইসলামীয় মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোর্শেদ আলম, বড়আওলীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা এবং বশিকপুর ইসলামীয় মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।
তারা জানান, জনগণের এই ন্যায্য দাবিকে অবজ্ঞা করা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.